দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের একজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এবং অপরজন বরিশাল বিভাগে। একই সময়ে নতুন করে ২২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর ফলে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আর চলতি বছর এ রোগে মোট মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে, দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ হাজার ৯০০ জনে পৌঁছেছে।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।
এদিকে, একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৪ হাজার ৫৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাধারণত বর্ষা মৌসুমে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। তবে জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া এবং দ্রুত নগরায়ণের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আগেভাগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে। ফলে সারা বছরই ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা বজায় রাখার প্রয়োজনীয়তা বাড়ছে।



