নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) এবং মোসা. সুরাইয়া (১২)। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।
নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। পরিবারের সদস্যদের ভাষ্য, জীবিকার তাগিদে কাজের সন্ধানে তিনি গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন।
অন্যদিকে, গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তিনজনই সাঁতার জানতেন। এরপরও কীভাবে তারা পানিতে ডুবে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।



