ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর। আর এই বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবলপ্রেমীরা মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েন। কোটি কোটি সমর্থকের আবেগ, উচ্ছ্বাস ও সমর্থনে মুখর হয়ে ওঠে পুরো দেশ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নকে ঘিরে বাংলাদেশে যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, তা এবার নজর কেড়েছে খোদ ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমেরও।
হাজার হাজার মাইল দূরের একটি দেশের মানুষ কীভাবে ব্রাজিল দলকে নিজেদের আবেগের অংশ করে নিয়েছে, তা নিয়ে বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের ‘সবুজ-হলুদ’ জ্বরে মুগ্ধ লাতিন আমেরিকার সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়েছে, কীভাবে বাংলাদেশের বিভিন্ন শহর, গ্রাম, অলিগলি, ছাদ ও সড়কজুড়ে ব্রাজিলের পতাকা উড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবি ব্যাপক সাড়া ফেলেছে ব্রাজিলেও।
বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো সাফল্য না পেলেও এ দেশের মানুষের ফুটবলপ্রেম ও বিশ্বকাপ ঘিরে আবেগ বরাবরই অনন্য। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উৎসবমুখর আয়োজন বিদেশি গণমাধ্যমেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ব্রাজিলিয়ানদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বিশ্বকাপ এলেই বাংলাদেশের মানুষ নিজেদের জাতীয় পতাকার পাশাপাশি প্রিয় দলের পতাকায় রাঙিয়ে তোলে চারপাশ। ব্রাজিলের সবুজ-হলুদ কিংবা আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজানো হয় বাড়িঘর, রাস্তা ও জনপদ—যা ফুটবলের প্রতি বাঙালির গভীর ভালোবাসারই প্রতিফলন।



