শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত বহু শিক্ষক তাদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ন্যূনতম এক লাখ টাকা করে প্রদান শুরু হবে। পর্যায়ক্রমে তাদের সব বকেয়া পরিশোধ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এহসানুল হক মিলন আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমানে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিফ আল জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান, আজহারুল ইসলাম মান্নান, মো. রায়হান কবির, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিআইপি অমল পোদ্দার।



