tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন আহমেদ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছেন, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের একটি চর্চা, যেখানে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। যদিও কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল, তবে বহুদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেটি স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “আমার জানামতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি অংশ নেয়নি, তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাই। ডাকসু বা চাকসুর নির্বাচিত নেতাদের অনেকে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যদিও কেউ কেউ এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এটি শিক্ষাঙ্গনের রাজনীতির বাস্তব প্রতিফলন।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বড় রাজনৈতিক দল ছাড়া ডাকসু থেকে উঠে আসা নেতাদের জন্য জাতীয় রাজনীতিতে টিকে থাকা কঠিন। তবে দেশের বহু সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমেই।”

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন।