সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারেরও বেশি (১০১ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, এ সময়ে গত বছরের একই সময়ের তুলনায় ১৮ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছর সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম ৯ দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৪ কোটি ৭০ লাখ ডলার বেশি। প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।
- জুলাই ২০২৫: রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)।
- আগস্ট ২০২৫: এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা)।
এর আগে মার্চ ২০২৫-এ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ওই বছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় হয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল:
- জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
- আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
- সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
- অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
- নভেম্বর: ২২০ কোটি ডলার
- ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
- জানুয়ারি: ২১৯ কোটি ডলার
- ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
- মার্চ: ৩২৯ কোটি ডলার
- এপ্রিল: ২৭৫ কোটি ডলার
- মে: ২৯৭ কোটি ডলার
- জুন: ২৮২ কোটি ডলার
বিশ্লেষকরা মনে করছেন, সরকার ঘোষিত প্রণোদনা এবং প্রবাসী আয়ের প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।



