ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারগুলোতে সেনা সদস্যরা অবস্থান করবে। এছাড়া ভোট গণনার সময় কেন্দ্রগুলোকে ঘিরে রাখার দায়িত্বও সেনাবাহিনীরই থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।
এই সিদ্ধান্ত নেওয়া হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সভায়। নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটগ্রহণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি মূল গেটেই সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষ হওয়া থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত সময় পর্যন্ত কেন্দ্রগুলোতে সেনাবাহিনী কর্ডন ব্যবস্থা করবে, যাতে বাইরের কেউ ভোট গণনার সময় কেন্দ্রে প্রবেশ করতে না পারে।
নিরাপত্তার অংশ হিসেবে ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া ভোটের সাত দিন আগ থেকে কোনো বহিরাগত হলগুলোতে অবস্থান করতে পারবে না।
অন্যদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হবে। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারে অংশ নিতে পারবেন। তবে প্রধান রিটার্নিং অফিসার এই প্রচারের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, প্রচার কার্যক্রম অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এবং হলের নিয়ম মেনে করতে হবে।



