tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পকে ছেড়ে দেওয়া হবে না, যুক্তরাষ্ট্রই নিজের ফাঁদে পড়েছে: লারিজানি

ট্রাম্পকে ছেড়ে দেওয়া হবে না, যুক্তরাষ্ট্রই নিজের ফাঁদে পড়েছে: লারিজানি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। খামেনি নিহত হওয়ার পর রোববার তিনি এ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়। ওই হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন এবং এর জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামেনির ঘনিষ্ঠ সহযোগী লারিজানি লিখেছেন, “আমাদের নেতা ও জনগণের রক্তের প্রতিশোধ আমরা নিরলসভাবে নেব। ট্রাম্পকে এর মূল্য দিতেই হবে এবং তিনি সেই মূল্য দেবেন।”

তবে লারিজানির এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, তিনি লারিজানিকে চেনেনই না। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সে কী বলছে বা সে কে—এসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এসব একেবারেই পরোয়া করি না।”

তিনি আরও বলেন, লারিজানি ইতিমধ্যেই পরাজিত হয়েছেন। ট্রাম্প আবারও ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা অব্যাহত থাকবে এবং তেহরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন তিনি।

এক পৃথক এক্স পোস্টে লারিজানি ইরানের প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না দেয়। অন্যথায় ইরান নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, “শত্রু যখন অঞ্চলজুড়ে থাকা ঘাঁটি থেকে আমাদের ওপর হামলা চালায়, আমরা জবাব দিই এবং জবাব দিতে থাকব।”

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার লারিজানি দাবি করেন, ইরান কিছু মার্কিন সেনাকেও আটক করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ট্রাম্পকে ছেড়ে দেবে না।

লারিজানি বলেন, “আমরা তাকে (ট্রাম্প) ছাড়ব না। সে যা করেছে, তার মূল্য তাকে দিতেই হবে। সে আমাদের নেতাকে হত্যা করেছে এবং আমাদের এক হাজারের বেশি মানুষকে শহীদ করেছে। এটি কোনো সাধারণ বিষয় নয়।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভেঙে টুকরো করে দেওয়া। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানে ভেনেজুয়েলার মতো পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল—যেখানে সহিংসতার হুমকির মুখে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির প্রচেষ্টায় ইরানের পক্ষ থেকে তদারকির দায়িত্বেও ছিলেন লারিজানি। তিনি বলেন, “আমার মনে হয় আমেরিকানদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা পশ্চিম এশিয়ার প্রেক্ষাপট—বিশেষ করে ইরান ইস্যু—বোঝে না। তাদের ধারণা ছিল বিষয়টি ভেনেজুয়েলার মতো হবে। তারা হামলা করবে, নিয়ন্ত্রণ নেবে, তারপর সব শেষ। কিন্তু এখন তারাই নিজেদের ফাঁদে পড়েছে।”

লারিজানির ভাই সাদেক লারিজানি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য দাবিদারদের একজন হিসেবেও আলোচনায় রয়েছেন।