গেমিং জগতে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬) নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নতুন এই গেমের মুক্তিকে ঘিরে গেমারদের আগ্রহের প্রভাব পড়ছে গেমিং কনসোলের বাজারেও। এরই মধ্যে বিশ্বজুড়ে প্লেস্টেশন ৫ (পিএস৫)-এর সরবরাহ ১০ কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার মাইলফলক অর্জন করেছে নির্মাতা প্রতিষ্ঠান সনি।
রকস্টার গেমসের তৈরি জিটিএ ৬ আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। গেমটি খেলার জন্য প্রয়োজন হবে প্লেস্টেশন ৫ অথবা এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোল। তবে আগের প্রজন্মের প্লেস্টেশন ৪-এ গেমটি খেলার সুযোগ থাকছে না। ফলে নতুন গেমটি উপভোগ করতে আগ্রহী পিএস৪ ব্যবহারকারীদের নতুন কনসোলে আপগ্রেড করতে হবে।
সনির সর্বশেষ ব্যবসায়িক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ নভেম্বর বিশ্ববাজারে পিএস৫ সরবরাহের পরিমাণ ১০ কোটি ইউনিট অতিক্রম করেছে। ২০২০ সালের নভেম্বরে বাজারে আসার পর শুরুতে চিপ সংকট এবং সরবরাহ ব্যবস্থার নানা জটিলতার কারণে কনসোলটির উৎপাদন ও বাজারজাতকরণ বাধাগ্রস্ত হয়েছিল। সেই প্রতিকূলতা পেরিয়ে এই অর্জনকে প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিএস৫-এর সরবরাহ ছিল ৯ কোটি ৭৯ লাখ ইউনিট। পরবর্তী ৪০ দিনে আরও ২১ লাখের বেশি কনসোল বাজারে পাঠিয়েছে সনি। তবে এই সংখ্যা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রির হিসাব নয়; বরং খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা কনসোলের পরিমাণ।
সনির হোম গেমিং কনসোলের ইতিহাসে চতুর্থ ডিভাইস হিসেবে ১০ কোটি ইউনিট সরবরাহের রেকর্ড গড়েছে পিএস৫। এই মাইলফলকে পৌঁছাতে কনসোলটির সময় লেগেছে প্রায় ছয় বছর। অন্যদিকে প্লেস্টেশন ৪ একই অর্জন করেছিল মাত্র পাঁচ বছর সাত মাসে।
এখনো সনির সবচেয়ে সফল কনসোলের অবস্থান ধরে রেখেছে প্লেস্টেশন ২। বিশ্বজুড়ে এর সরবরাহ ১৬ কোটি ইউনিট ছাড়িয়েছে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে পিএস৪, যার সরবরাহ ১১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে প্রথম প্রজন্মের প্লেস্টেশনের সরবরাহের পরিমাণ ছিল ১০ কোটি ২৪ লাখ ইউনিট।
এদিকে জিটিএ ৬-এর জনপ্রিয়তার প্রভাব দেখা যাচ্ছে গেমটির আগাম অর্ডারেও। শিল্পসংশ্লিষ্টদের ধারণা, ডিজিটাল প্রি-অর্ডার থেকেই গেমটির আয় ইতোমধ্যে ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ অগ্রিম অর্ডার এসেছে পিএস৫ সংস্করণের জন্য।
সনির দাবি, প্লেস্টেশন স্টোরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া গেমে পরিণত হয়েছে জিটিএ ৬। প্রতিষ্ঠানটির আশা, গেমটি ঘিরে গেমারদের ব্যাপক আগ্রহকে কাজে লাগিয়ে আসন্ন ছুটির মৌসুমে পিএস৫-এর বিক্রি আরও বাড়ানো সম্ভব হবে। ফলে নতুন গেমটির মুক্তি শুধু গেমিং জগতেই নয়, কনসোল ব্যবসাতেও বড় প্রভাব ফেলতে পারে।



