ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। তরুণ ও মধ্যবয়সিদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, পর্যাপ্ত ঘুমের অভাব ও মানসিক চাপসহ বিভিন্ন কারণে এই রোগের ঝুঁকি তৈরি হয়। তবে দৈনন্দিন অভ্যাসে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারলে টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।
পারিবারিক ইতিহাস ও জিনগত বৈশিষ্ট্যের মতো কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু খাবার নির্বাচন ও জীবনযাপনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস চর্চা করলে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।
১. পরিশোধিত শর্করার বদলে আঁশসমৃদ্ধ খাবার খান
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। তবে এ জন্য কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কোন ধরনের শর্করা খাওয়া হচ্ছে, সেদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
ময়দা, সাদা পাউরুটি ও অতিরিক্ত পরিশোধিত শস্যের পরিবর্তে লাল চাল, আটার রুটি, ওটস ও চিড়া খাওয়ার অভ্যাস করা যেতে পারে। এসব খাবারে থাকা ফাইবার হজমের গতি ধীর করে। ফলে খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে সহায়তা করে।
এ ছাড়া প্রতিদিনের খাবারে ডাল, শাকসবজি, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ রাখলে শরীর পর্যাপ্ত আঁশ পায়। এসব উপাদান অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্রমে সহায়তা করার পাশাপাশি ইনসুলিনের কার্যকারিতা বজায় রাখতেও ভূমিকা রাখতে পারে।
২. খাদ্যতালিকায় রাখুন উপকারী চর্বি
ওজন নিয়ন্ত্রণ কিংবা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে গিয়ে অনেকে সব ধরনের ফ্যাট বা চর্বি এড়িয়ে চলেন। কিন্তু শরীরের জন্য প্রতিটি ফ্যাট ক্ষতিকর নয়। কিছু স্বাস্থ্যকর চর্বি শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজন।
বাদাম, আখরোট, চিয়া ও তিসির বীজে রয়েছে উপকারী ফ্যাট। রান্নায় অলিভ অয়েল, সরিষার তেল কিংবা চিনাবাদামের তেল পরিমিত পরিমাণে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি তৈলাক্ত মাছসহ ওমেগা-৩ সমৃদ্ধ খাবারও খাদ্যতালিকায় রাখা উপকারী।
কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করলে খাবারের পুষ্টিমান বাড়ে। একই সঙ্গে দীর্ঘ সময় পেট ভরা রাখতেও সহায়তা করে। তবে উপকারী চর্বি হলেও তা অতিরিক্ত খাওয়া উচিত নয়।
৩. প্রতিদিনের খাবারে নিশ্চিত করুন পর্যাপ্ত প্রোটিন
সুষম খাদ্যাভ্যাসের ক্ষেত্রে শুধু ভাত কিংবা রুটির ওপর নির্ভর করা ঠিক নয়। শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখাও গুরুত্বপূর্ণ।
ডাল, ছোলা, শিম, ডিম, মাছ ও মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস। এসব খাবার নিয়মিত ও পরিমিত পরিমাণে খাদ্যতালিকায় রাখলে শরীরের প্রোটিনের চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।



