হোবার্টের বেলেরিভ ওভালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। রবিবার (২ নভেম্বর) তিনি হাঁকালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা—১২৯ মিটার দূরত্বে!
অক্ষর প্যাটেলের বলে ডাউন দ্য গ্রাউন্ডে আঘাত করা সেই বিশাল ছক্কাটি গিয়ে লাগে মাঠের বুন স্ট্যান্ডের ওপরের “নিনজা স্টেডিয়াম” সাইনবোর্ডে। ফক্স ক্রিকেটের হিসাব অনুযায়ী, বলটি যদি সাইনবোর্ডে না লাগত, তবে আরও দূরে গিয়ে পড়ত! ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড উত্তেজনায় বলেছিলেন, “ওটা তো প্রায় ডারওয়েন্ট নদীতে পড়ছিল!”
ইনিংসের শুরুতে ট্রাভিস হেড (১৪) ও জশ ইংলিস দ্রুত আউট হলে ক্রিজে আসেন টিম ডেভিড। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর ঝড় তোলেন তিনি। মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৭৪ রানে আউট হন। তার দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া ২০ ওভারে সংগ্রহ করে ১৮৬ রান।
শেষ দিকে মার্কাস স্টয়নিসও আগুনে ব্যাটিং করেন—৩৯ বলে ৬৪ রান, যা দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করে। ভারতের হয়ে আর্শদীপ সিং ৪ ওভারে ৩৪ রান খরচায় নেন ৩ উইকেট।
এর আগে সিরিজের প্রথম ম্যাচটি ক্যানবেরায় বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে চার উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে তারা এখন ১–০ তে এগিয়ে।
এই রেকর্ড ছক্কার পর টিম ডেভিডের নাম উঠে এসেছে ক্রিকেট ইতিহাসের অন্যতম শক্তিশালী হিটারদের তালিকায়—শহিদ আফ্রিদি, ব্রেট লি ও ক্রিস লিনের পাশে।



