tanaka
প্রচ্ছদরাজনীতিঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে পদসহ দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে একের পর এক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

তবে বুধবার প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিগুলোতে মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার ঘটনার কোনো উল্লেখ নেই। সেখানে বিএনপির নেতাদের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এদিন পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন—শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।

বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে অনৈতিক আচরণ এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত

একই কারণে অর্থাৎ মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই এই শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

এর পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—মহানগর পশ্চিমের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কার ২

দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংগঠনের সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন এবং সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক দলের চার নেতা বহিষ্কার

এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দলের আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের নাম জানানো হয়। তাঁরা হলেন—শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।

শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম তাঁদের বিরুদ্ধে নেওয়া বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

আগের দিন বহিষ্কার পল্লবী বিএনপি নেতাও

এর আগে মঙ্গলবার অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মালয়েশিয়ায় অবস্থান করে মামুন মিরপুর এলাকায় একটি অপরাধচক্র নিয়ন্ত্রণ করতেন। দেশে অবস্থানরত তাঁর দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমানের মাধ্যমে ওই চক্র পরিচালিত হতো বলেও সূত্রটি জানায়।

সূত্রের ভাষ্য অনুযায়ী, চক্রটির বিরুদ্ধে পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা জবরদখল, জমি দখল এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।