tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসংস্কৃতির কথা বলেও আমার পরিবারকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন অনেকে: কৃতি শ্যানন

সংস্কৃতির কথা বলেও আমার পরিবারকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন অনেকে: কৃতি শ্যানন

অনলাইনে ঘৃণামূলক মন্তব্যের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন জানিয়েছেন, যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলেন, তাঁদের মধ্যেই কেউ কেউ তাঁর বাবা-মা ও বোনকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন। নারীদের পোশাক, শারীরিক গঠন ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিকভাবে বিচার করার প্রবণতারও সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন কৃতি। তাঁকে ঘিরে বিভিন্ন বিতর্ক এবং সেসবের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, সাধারণত তিনি নিজের পোস্টের মন্তব্যগুলো পড়েন না। তবে কখনো কখনো মানুষের মন্তব্যের ভাষা এতটাই অশালীন হয়ে ওঠে যে তা তাঁকে ব্যথিত করে।

কৃতি বলেন, তাঁর বোন একসময় পরামর্শ দিয়েছিলেন, যেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন। কিন্তু কৃতির প্রশ্ন ছিল, কেন তিনি তা করবেন? তাঁর মতে, ঘটনাটি তাঁকে বিচলিত করেছিল এবং নারীদের নিজেদের পক্ষে কথা বলা প্রয়োজন। কাউকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করার অধিকার মানুষ কোথা থেকে পায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাখির বিজ্ঞাপনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে কৃতির বক্তব্য, সাধারণত তিনি বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না। কিন্তু এবার তাঁর মনে হয়েছে, বিষয়টি কেবল তাঁকে ঘিরে নয়; এর সঙ্গে আরও বড় সামাজিক সমস্যা জড়িত। তাঁর মতে, নারীদের প্রায়ই নানা অজুহাতে সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়। কী পোশাক পরছেন, উচ্চতা কত কিংবা তিনি অন্তঃসত্ত্বা কি না—এমন ব্যক্তিগত বিষয় নিয়েও নারীদের বিচার করা হয়। অবশ্য নিজের বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবেই উল্লেখ করেছেন অভিনেত্রী।

তারকাদের সহজে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয় বলেও মন্তব্য করেন কৃতি। তাঁর ভাষায়, এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেকেই গেছেন। তারকারাও মানুষ, তাই এ ধরনের মন্তব্য তাঁদেরও আঘাত করে। সমাজে লিঙ্গবৈষম্য ও গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে তিনি সরব বলেও জানান। তাঁর মতে, এই মানসিকতা পরিবর্তন করতে হলে এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানাতে হবে।

কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে। ছবিটিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা।