tanaka
প্রচ্ছদজাতীয়হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২২

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৩২৪ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের এই পরিসংখ্যান দেশে রোগটির সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এনেছে।