জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের আগেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ দল। এ ঘটনায় পাচারকারী চক্রের দুই সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে এসব মূর্তি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতর ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানের উদ্যোগ নেয়। পরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের মূর্তিগুলোসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধার করা মূর্তিগুলোর মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।
উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



