tanaka

রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে পড়ল ৩০ সাফারি জিপ

ভারতের রাজস্থানের রাণথাম্বোর জাতীয় উদ্যানে সাফারি চলাকালে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল একটি পূর্ণবয়স্ক বাঘ। এতে কিছু সময়ের জন্য থেমে যায় পর্যটকবাহী প্রায় ৩০টি সাফারি...
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

জুলাই সনদের আগে নির্বাচনি রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। তাদের মতে, সংস্কার কার্যক্রমের প্রক্রিয়া নির্ধারণ না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া ভবিষ্যতে সংকট তৈরি করবে, যার দায় সরকারকেই নিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার বাস্তবায়ন। সে লক্ষ্যে সরকার বিভিন্ন কমিশন গঠন করে, যেখানে এনসিপিসহ রাজনৈতিক দলগুলো মতামত দেয়।

আরিফুল ইসলাম জানান, ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদের খসড়ায় বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় এনসিপি হতাশ। আলোচনার মাঝেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একতরফাভাবে নির্বাচনের সময় ঘোষণা তাদের বিস্মিত করেছে। যদিও বৃহত্তর স্বার্থে দলটি তা মেনে নিয়েছিল।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি থাকা জরুরি। কিন্তু নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আগে সরকার সংস্কার অগ্রগতির রোডম্যাপ প্রকাশ করবে বলেই আমরা আশা করেছিলাম।”

আরিফুল ইসলাম আরও বলেন, জুলাই সনদ চূড়ান্ত না করে নির্বাচন ঘোষণার মাধ্যমে সরকার ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তবে এনসিপি কোনোভাবেই নির্বাচনবিরোধী নয়। তাদের মতে, রোডম্যাপ ঘোষণা ইতিবাচক পদক্ষেপ হলেও সনদের আইনি ভিত্তি দ্রুত প্রতিষ্ঠা করতে হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুসফিকুস সালেহীন, আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।