ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা, মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন হাওলাদার উপজেলার মালুহার গ্রামের মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লারহাট ইউনিয়ন কমিটির নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার একটি দল গোপালপুর এলাকার তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া ও মাদক সেবনের সরঞ্জাম এবং নগদ টাকাসহ রিপন হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর গ্রামের মৃত মান্নাতের ছেলে মো. নাছির উদ্দিন (৫০) এবং জুয়ার সঙ্গে জড়িত আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ডোপ টেস্টে রিপন হাওলাদারের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার রিপন হাওলাদারকে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



