জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিয়ে রসিকতা করে সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।
গত মে মাসে অস্ট্রেলিয়া সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আলবেনিজকে দুটি দামি ক্রাউন মেলন উপহার দেন। ক্রাউন মেলন জাপানে উচ্চমূল্যের বিশেষ ফল হিসেবে পরিচিত।
এরপর জুলাইয়ে ‘বুশ ডিপ’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে ওই উপহার নিয়ে মন্তব্য করেন আলবেনিজ। অনুষ্ঠানের সঞ্চালক ও কৌতুকাভিনেত্রী নিকি অসবোর্ন মেলন দুটিকে অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের সঙ্গে তুলনা করে রসিকতা করেন। জবাবে আলবেনিজও বুকে হাত দিয়ে ইঙ্গিত করে মেলন দুটিকে ‘বেশ অদ্ভুত’ বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন জাপানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত শিংও ইয়ামাগামি। এক মতামত কলামে তিনি মন্তব্যটিকে ‘যৌনতাবাদী রসিকতা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের মন্তব্য দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জন্যও অনাকাঙ্ক্ষিত।
ইয়ামাগামি আরও বলেন, জাপানে ক্রাউন মেলন অত্যন্ত মূল্যবান একটি উপহার। একটি মেলনের দাম ৩০ হাজার ইয়েনেরও বেশি হতে পারে। তাই এমন উপহার নিয়ে নারীর শরীরকেন্দ্রিক রসিকতার পরিবর্তে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরা উচিত।
এদিকে আলবেনিজের মন্তব্যের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা আঙ্গুস টেলর। তিনি মন্তব্যটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন।
মঙ্গলবার বিরোধী দলের এক সংসদ সদস্যও পডকাস্টের মন্তব্যকে ‘শালীনতাবিবর্জিত’ ও নারীদের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তবে আলবেনিজ তা প্রত্যাখ্যান করেন।
প্রধানমন্ত্রী দাবি করেন, অস্ট্রেলিয়া ও জাপানের সম্পর্ক বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তাঁর সরকার দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য আলবেনিজের পক্ষে অবস্থান নিয়েছেন। অর্থমন্ত্রী কেটি গ্যালাগার এবং সামাজিক পরিষেবা মন্ত্রী তানিয়া প্লিবারসেকের দাবি, প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু গণমাধ্যম সেটিকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করছে।
এর আগে গত জুলাইয়ে একই পডকাস্টে কাইলি মিনোগ, নিকোল কিডম্যান ও রোন্ডা বার্চমোরের মধ্যে কাকে বিয়ে বা ডেট করতে চান—এমন প্রশ্নের জবাব দিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন আলবেনিজ। ওই ঘটনায় পরে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল।
সূত্র: বিবিসি



