tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় চীনের পরোক্ষ বার্তা

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় চীনের পরোক্ষ বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির প্রতি পরোক্ষ আপত্তি জানিয়েছে চীন। শনিবার দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।

তবে বক্তব্যে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করেননি হান ঝেং। এমন এক সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন ওয়াশিংটন কিউবার ওপর চাপ বাড়াচ্ছে এবং দেশটির জ্বালানি সরবরাহ সীমিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

পশ্চিম এশিয়া প্রসঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় দেশসহ মধ্যপ্রাচ্যের সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হান ঝেং বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পরপরই জাতিসংঘে বেইজিংয়ের পক্ষ থেকে এমন বার্তা এল। যদিও বক্তব্যে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিউবা ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে হান ঝেংয়ের মন্তব্যকে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা হিসেবেই দেখা হচ্ছে।

কিউবা প্রসঙ্গে জাতিসংঘে হান ঝেং বলেন, সংশ্লিষ্ট দেশের উচিত অবিলম্বে কিউবার বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি বন্ধ করা এবং দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করা।

সম্প্রতি কিউবার বিদ্যুৎ ব্যবস্থা প্রায় পুরোপুরি অচল হয়ে পড়ায় দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। দীর্ঘদিনের জ্বালানি সংকট ও পুরোনো অবকাঠামোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধ পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলেছে বলে অভিযোগ করে আসছে হাভানা।