ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে তিনি সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
এসটিএফ জানায়, গ্রেপ্তারের পর ফিলিপ সাংমাকে আদালতে হাজির করা হয়েছে এবং বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ৭ মার্চ রাতে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।



