পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এবার ঈদের ছুটি পাঁচদিন নির্ধারণ করা হলেও অতিরিক্তভাবে ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
তবে শুক্রবার (৬ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবারের ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে হিসাব করে ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদ হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে ও পরে দুই দিন করে মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ঈদের ছুটি আগেই নির্ধারিত ছিল। এখন ১৮ মার্চ যুক্ত হওয়ায় ছুটির পরিধি আরও বেড়ে যাচ্ছে।



