ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসানে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো ধরনের চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (০৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তবে তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি করা হবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে চালানো হামলা বা চলমান সংঘাত কতদিন স্থায়ী হতে পারে—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি ট্রাম্প। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। যদিও একইসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে ইরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দেশটির অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করবে। তিনি বলেন, তখন আমরা এবং আমাদের সাহসী মিত্ররা একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনব এবং দেশটিকে আগের চেয়েও শক্তিশালী ও উন্নত অর্থনীতিতে রূপান্তর করা হবে।
পোস্টের শেষদিকে ট্রাম্প লেখেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে—‘মেক ইরান গ্রেট এগেইন (MIGA)’।



