tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীছুটির দিনেও রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ছুটির দিনেও রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ছুটির দিন হওয়া সত্ত্বেও রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাইডশেয়ার চালক, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা। শুক্রবার ভোর থেকেই রাজধানীর একাধিক পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী যান ও মোটরসাইকেল একসঙ্গে ভিড় করায় অনেক স্থানে লাইন সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

বিজয় সরণী ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। নীলক্ষেত এলাকাতেও বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই আশঙ্কা থেকে রাতেই লাইনে দাঁড়ান, যেন সকালে অন্তত কিছু জ্বালানি পাওয়া যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় পাম্পগুলোর সামনে কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দেখা গেছে। কোথাও কোথাও ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না অনেকে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানি সংকটের আশঙ্কায় তারা আগেভাগেই লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। দিনের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে দীর্ঘ সময় তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে।

তালুকদার ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো চাকরিজীবী তৌসিফ হাসান বলেন, “সকাল থেকেই লাইনে আছি। প্রথম দিকের ১৫০ জনের মধ্যে থাকায় আশা করছি, তেল শেষ হওয়ার আগেই পেতে পারব।”

ট্রাস্ট ফিলিং স্টেশনের আরেক ভোক্তা গালিব হোসেন বলেন, “অনেক পাম্পে ঘুরেছি, সব জায়গায়ই দীর্ঘ লাইন। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল, কিন্তু ভোর থেকেই এখানে দাঁড়িয়ে আছি।”

পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়ায় নিয়মিত সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে উঠছে।

এদিকে, পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, ফলে নগরীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।