শরীয়তপুর সদর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবরসহ ২৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রিয়াজুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে শরীয়তপুর জেলা শহরের ওই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওটি জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয় বলে জানা গেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার মূল হোতা হিসেবে মহসিন মাদবরকে চিহ্নিত করা হয়েছে। তাকে সহ তার অনুসারীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।”
গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির উদ্যোগে প্রশাসনের সহায়তায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। অগ্নিসংযোগের ফলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।



