ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি, আকমল হোসেন (৩৮)-এর বিরুদ্ধে। গত সোমবার রাতে ভুক্তভোগী নিজেই ত্রিশাল থানায় এ ঘটনায় মামলা করেন।
অভিযুক্ত আকমল উপজেলার একই গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন ওই গৃহবধূ। এ সময় টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জোর করে একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে আকমল। পরে গৃহবধূর চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরিবারের অভিযোগ, আকমল দীর্ঘদিন ধরে গৃহবধূর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন মেয়ের ওড়না মায়ের গায়ে থাকায় দূর থেকে দেখে আকমল ভুলবশত মেয়ের পরিবর্তে মাকেই তুলে নেয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, “স্থানীয়দের কেউ কেউ বলছেন, মেয়েকে ভেবে ভুল করে মাকে তুলে নেওয়া হয়েছিল, তবে এজাহারে বিষয়টি উল্লেখ নেই।”



