গণভোটের সময়সূচি সম্পর্কে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“রাজনৈতিক দলগুলো যদি সরকারকে চাপ দেয় তাদের দলীয় অবস্থান গ্রহণের জন্য, তা হলে বোঝা যায় তাদের মধ্যে ঐকমত্য নেই। সরকার কারও পক্ষ নিতে চায় না; প্রধান উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আমরা শুধু সহযোগিতা করব।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
ড. আসিফ নজরুল বলেন, গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এখন চরমে পৌঁছেছে। তবে এ বিষয়ে দ্রুতই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।
জুলাই সনদের বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন,
“২৭০ দিন আলোচনা চলার পরও রাজনৈতিক দলগুলোর বক্তব্যে অনৈক্য দেখা যাচ্ছে—এটা হতাশাব্যঞ্জক। এই বিরোধের কারণে সমঝোতা দলিল পাস করাও এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। এখন তারা যে অনৈক্য দেখাচ্ছে, তাতে জুলাই সনদের চেতনা কোথায় গেল, তা তাদের ভাবা উচিত।”
জাতীয় নির্বাচনে এই অনৈক্যের প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন,
“যে যা-ই বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, “নির্বাচিত সংসদের সংস্কারের সব দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। সরকার যতটুকু সম্ভব করবে, তবে সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন।”



