দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। রোববার গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সোমবার বিকেলে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাঁর ব্রেন ক্যানসার শনাক্ত করেন।
অস্ত্রোপচারের পর কয়েক ধাপে দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিয়েছেন। পারিবারিক সূত্র জানায়, তিন ধাপের চিকিৎসায় তাঁকে প্রায় একশ’টি কেমোথেরাপি নিতে হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি।
লিটন এরশাদ বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকায় ইলিয়াস কাঞ্চন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তৃতীয় ধাপের থেরাপি গত ৩০ জুলাই শেষ হওয়ায় কয়েক মাস দেশের পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। এরপর আবার চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হবে।
চিকিৎসকদের বরাতে তিনি জানান, অস্ত্রোপচারের পর ক্যানসারটি আগের স্থানেই সীমাবদ্ধ রয়েছে এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, যা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন ধীরে ধীরে কথা বলতে পারেন, তবে কথাবার্তায় জড়তা রয়েছে। অনেক সময় একটি পূর্ণ বাক্য শেষ করতেও তাঁর কষ্ট হয়। খাবার গ্রহণ মোটামুটি স্বাভাবিক থাকলেও আগের মতো নিয়মিত খাওয়ার অভ্যাস আর নেই।



