tanaka
প্রচ্ছদজাতীয়বিগত সরকারের প্রকল্পে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার সুপারিশ

বিগত সরকারের প্রকল্পে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখার সুপারিশ

নির্মাণকাজের মান, স্থায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহি প্রতিষ্ঠায় ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়ার সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। একই সঙ্গে নির্মাণকাজের মান বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গেও কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

বৈঠকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। পাশাপাশি সরকারের গত ১৮০ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে কমিটিকে বিস্তারিত অবহিত করা হয়।

কমিটির সভাপতি স্বাগত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের রুহের মাগফিরাত কামনাও করেন তিনি।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সভাপতি। আন্দোলনে আহত ব্যক্তিদের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।