ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চায়ের দোকানিসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের শান্তি রানী (৪৫) এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায় (৫০)। আহত ব্যক্তিরা হলেন কুশারীগাঁও গ্রামের সালন রায় (৪৫) ও রাজোর গ্রামের টেপরা রায় (৬০)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কুশারীগাঁও গ্রামের শান্তি রানীর চায়ের দোকানে চারজন বসে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দোকানে থাকা চারজনই আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শান্তি রানী ও সুহি রাম রায়কে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।



