বিশ্বজুড়ে ডায়াবেটিস এখন অন্যতম বড় স্বাস্থ্যসমস্যা। রোগটির প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। ফলে বহু মানুষ আক্রান্ত হওয়ার পরও দীর্ঘদিন বিষয়টি বুঝতে পারেন না। এ কারণে উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে আগে থেকেই সচেতন হওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যায়।
ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেও রোগটির প্রকোপ বাড়ছে। আক্রান্তদের প্রায় অর্ধেক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো পর্যন্ত নিজের অসুস্থতা সম্পর্কে জানতে পারেন না। তাই ঝুঁকি এড়াতে শুরু থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
১. মিষ্টির পাশাপাশি রান্নার উপকরণেও সতর্ক থাকুন
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুধু মিষ্টি বা চকলেট বাদ দিলেই যথেষ্ট নয়। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত তেল, পরিশোধিত শর্করা এবং খাবারের সামগ্রিক পুষ্টিগুণের দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত তেল ও পরিশোধিত কার্বোহাইড্রেট গ্রহণ বিপাকীয় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত করতে পারে।
২. একবারে অতিরিক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন
দিনে দুবার অনেক বেশি পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস শরীরের বিপাকীয় স্বাস্থ্যের জন্য ভালো নয়। বরং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে দিনের বিভিন্ন সময়ে পরিমিত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে খাবারের পরিমাণ ও গ্রহণের সময়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ হয়।
৩. প্রতিদিনের খাবারে রাখুন আঁশসমৃদ্ধ সবজি
প্রতিবারের খাবারে সবুজ শাকসবজি, তাজা সালাদ এবং আঁশযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন। এসব খাবার খাদ্যতালিকার পুষ্টিমান বাড়ানোর পাশাপাশি রক্তে শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও উপকার পাওয়া যেতে পারে।
৪. ফলের রস নয়, আস্ত ফল বেছে নিন
ফলের রস পান করার চেয়ে সম্পূর্ণ ফল খাওয়া বেশি উপকারী। আস্ত ফলে থাকা খাদ্যআঁশ রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়তা করে। তবে গুড় ও মধুর মতো প্রাকৃতিক মিষ্টিকেও চিনিমুক্ত বা ঝুঁকিহীন ভাবার সুযোগ নেই। এগুলোও রক্তে শর্করা বাড়াতে পারে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
৫. প্যাকেটজাত খাবার কেনার আগে লেবেল পড়ুন
বিভিন্ন প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এমন উপাদান থাকতে পারে, যেগুলোর মাধ্যমে অজান্তেই শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করে। এসব খাবার নিয়মিত গ্রহণ রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই বাজার থেকে প্যাকেটজাত খাবার কেনার আগে উপাদানের তালিকা ও পুষ্টিমানসংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়া উচিত।
৬. খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন
ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শুধু খাবার নিয়ন্ত্রণ যথেষ্ট নয়; শারীরিক সক্রিয়তাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা উচিত। দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে হাঁটাচলা করাও প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মতো অভ্যাস দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। তবে যাদের ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, তাদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো উচিত।
সূত্র: নিউজ ১৮



