চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে শাহ আমানত সেতু পার হয়ে কলেজ বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন এবং আরও সাতজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।



