tanaka
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে তারেক রহমান

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২১ মিনিটে তারেক রহমানের গাড়ি সমাবেশস্থলে প্রবেশ করে।

কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহূর্মুহূ করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এলেন। পলোগ্রাউন্ড মাঠে এটি তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি এ মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার-ফেস্টুন ও রঙিন পোশাকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এই মহাসমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সমাবেশে যোগ দেওয়ার পূর্বে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজী ডিগবাজার মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।