জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চারজন বিদেশি শিক্ষার্থীও।
দিনের শুরুতে তারা জাতীয় সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৬৯ জন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এছাড়া নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের প্রতিনিধিদলও সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন, তাদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।



