tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশগোলাগুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

গোলাগুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গোলাগুলির ঘটনায় রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলায়। স্বজনদের দাবি, তিনি নগরীর রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে হামলার শিকার হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা শুরু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা রাজু গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় পথচারী শিশু রেশমি আক্তারও গুলিবিদ্ধ হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে গুলিবিদ্ধ রেশমি আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

শিশুটির ভাই ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, “ঘটনার সময় আমি দোকানে ছিলাম। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি, মা তাকে একটি কাজে বাইরে পাঠিয়েছিলেন। তখনই সে গোলাগুলির মধ্যে পড়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ গোলাগুলির সঙ্গে জড়িত এবং এটি পূর্ব শত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।