ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। এ ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি মূলত নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এজন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি মামলা এখনো বাংলাদেশের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে।
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষীরা কিছু লোককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের পদক্ষেপের কথা স্বীকার করার পর বাংলাদেশ সরকার এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে দেশটির আইন, নির্ধারিত প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ যেন দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে, যাতে প্রত্যাবাসন কার্যক্রম সহজ ও দ্রুত করা সম্ভব হয়।



