বিগত আওয়ামী লীগ সরকারের সময় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে বহু মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান বলে দাবি করা হয়। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রাখতেন তারিক আহমেদ সিদ্দিক। অপরদিকে, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের পক্ষে আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন।
মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক, পাঁচজন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে এ মামলায় বর্তমানে তিনজন গ্রেফতার রয়েছেন।



