tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিসংস্কার নয়, রাজনীতির মূল ধারা বদলাতে হবে: মান্না

সংস্কার নয়, রাজনীতির মূল ধারা বদলাতে হবে: মান্না

দেশের সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্যের টেকসই পরিবর্তনের জন্য রাজনীতির মৌলিক ধারা বদলানো জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আইনশৃঙ্খলা বা আংশিক সংস্কার দিয়ে জনগণের দুর্ভোগ দূর হবে না; জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে না পারলে পরিস্থিতি একই জায়গায় ঘুরপাক খাবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে লিবিয়ার জাওয়াইয়া ও ত্রিপলি কারাগারে বন্দি ২৬ জন বাংলাদেশির মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশিদের মুক্তি এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের প্রয়োজন ও চাওয়া সম্পর্কে জানার পরও রাজনৈতিক নেতৃত্ব আজও সেগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় রূপান্তরের দায় নেয়নি। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’—এই কথাটি উচ্চারিত হলেও বাস্তবে জনগণের শক্তিকে পরিবর্তনের পথে কাজে লাগানো যাচ্ছে না। জনগণের বড় একটি অংশ আজও নিশ্চিত নয়—কে নেতা হলে তাদের কল্যাণ হবে বা কেমন সরকার তাদের জীবনমান বদলাতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক লড়াইয়ে থাকা শক্তিগুলো চাইলে আন্দোলন আরও জোরদার করতে পারে, তবে তা হতে হবে সংগঠিত ও ধারাবাহিক। বর্তমান সরকারের আমলেও জনগণের অধিকার নিয়ে সুসংগঠিত ক্যাম্পেইন জরুরি। কিন্তু বাস্তবতা হলো—অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে নিখোঁজ বা কারাগারে বন্দি। তাদের কাছে আন্দোলন সংগঠনের আহ্বান বাস্তবসম্মত নয়।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির সংকটের কেন্দ্রবিন্দু রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন না হলে সমাজে কোনো পরিবর্তনই টেকসই হবে না। বর্তমানে রাজনীতি মানুষের দৈনন্দিন বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয়।

গ্রামের মানুষের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গ্রামে গেলে মানুষ দলীয় ঝগড়ার কথা শুনতে চায় না। তারা জানতে চায়—কেন তাদের এলাকার হাট বন্ধ হয়ে গেল, আবার চালু হবে কি না, রাস্তা না থাকায় কেন ফসল বিক্রির খরচ বেড়ে যাচ্ছে এবং কেন তারা লোকসানে পড়ছে। মানুষ এসব সমস্যা বলতে পারে, কিন্তু সেগুলোকে ক্ষমতার ভাষায় রূপান্তর করার মতো বিশ্বাসযোগ্য নেতৃত্ব খুঁজে পায় না।

মান্না বলেন, এতদিন যে সংস্কারের কথা বলা হয়েছে, তা মূলত আইনশৃঙ্খলা-কেন্দ্রিক। কিন্তু জনগণের ভাগ্য বদলের জন্য প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তনের কাজ এখনো শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়লে রাজনৈতিক নেতৃত্বও পরিবর্তিত হতে বাধ্য হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রবাসীদের ডাক-এর প্রধান সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দিদের স্বজন ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।