জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ১৬০ টাকা ছাড়িয়েছে। কয়েক ধরনের মাছের দামও বেড়েছে। এ ছাড়া বেশ কিছুদিন ধরেই চড়া রয়েছে ব্রয়লার মুরগি, ডিম, আটা ও ময়দার দাম।
অন্যদিকে, লিটারে ৫ টাকা দাম বাড়ানোর পরও বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। পাঁচ লিটারের বোতলের সয়াবিন তেলের সরবরাহও কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর একাধিক বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এর সঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দামও বাড়ছে। উৎপাদনস্থল থেকে পাইকারি বাজার এবং সেখান থেকে খুচরা বাজার—সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপেই বাড়তি পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে।
রোববার সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। এর মধ্যে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। পেট্রোলের দাম নির্ধারণ করা হয় ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৬৫ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর ট্রাকের ভাড়াও বেড়েছে। ফলে সোমবার থেকেই খুচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করে।
বাড়ছে সবজির দাম
রাজধানীর বিভিন্ন বাজারে বাজারভেদে প্রতি কেজি শিম ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এর দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকা। টমেটোর দাম ৮০-১০০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা হয়েছে। দেশি শসা ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা এবং করলা ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুনের দামও বেড়েছে। গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন এখন ১০০-১২০ টাকা। পটোলের দাম কেজিতে ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ধুন্দল ১০ টাকা বেড়ে ৭০-৮০ টাকা এবং ঝিঙা ৬০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা কেজি হয়েছে। বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে।
এ ছাড়া লাউ প্রতি পিস ৭০-৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং গাজর ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচের দামও।
কাওরান বাজারের ব্যবসায়ী দেলোয়ার বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় সবজির সরবরাহ কমেছে। এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় দূরের জেলা থেকে ঢাকায় পণ্য পরিবহনের ট্রাক ভাড়া কয়েক হাজার টাকা বেড়েছে। ফলে পাইকারি বাজারে দাম বেড়েছে এবং এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
তার ভাষ্য, শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত অধিকাংশ সবজির দাম কেজিতে ৬০-৮০ টাকার নিচে নামার সম্ভাবনা কম।
মগবাজারের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মহিউদ্দিন বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই সবজির দাম বেড়েছে। সেই বাড়তি দামই খুচরা বাজারে চলে আসছে।
আরেক ব্যবসায়ী মিজান বলেন, যশোর থেকে রাজধানীর কাওরান বাজারে বেগুন আসে। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। ফলে পরিবহন খরচ বাড়ায় কাওরান বাজারেই বেগুনের দাম ১০০ টাকার ওপরে উঠেছে।
ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা
সবজির পাশাপাশি ফার্মের ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লার সাদা ডিম ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৪০-১৪৫ টাকা ডজন দরে বিক্রি হয়েছিল। শুক্রবার পর্যন্ত সাদা ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বাদামি ডিমের দাম বেড়ে ১৫০-১৫৫ টাকা ডজনে দাঁড়িয়েছে।
অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে বাদামি ডিমের ডজনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ১০ টাকা করে বেড়েছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
কাওরান বাজারের ডিম বিক্রেতা ইব্রাহিম বলেন, বাজারে ডিমের সরবরাহ কম পাওয়া যাচ্ছে। তাঁর আশঙ্কা, সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে দাম আরও বাড়তে পারে।
টিসিবির তথ্যেও দাম বাড়ার চিত্র
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর প্রতিবেদনেও বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বাড়ার তথ্য উঠে এসেছে।
টিসিবির হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে খোলা আটার দাম কেজিতে ২ টাকা, প্যাকেটজাত আটার দাম সর্বোচ্চ ৫ টাকা এবং খোলা ও প্যাকেটজাত ময়দার দাম ৫ টাকা করে বেড়েছে।
এ ছাড়া দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা এবং এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বেড়েছে। খোলা পাম অয়েলের দাম কেজিতে ৪ টাকা, আমদানি করা রসুন ২০ টাকা, কাঁচামরিচ সর্বোচ্চ ৬০ টাকা এবং বেগুন ১০ টাকা কেজিতে বেড়েছে।
একই সময়ে ফার্মের ডিমের দাম হালিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে।
ব্যবসায়ীদের মতে, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে পরিবহন ব্যয় বৃদ্ধি, বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন এবং পাইকারি বাজারে বাড়তি খরচ—সব মিলিয়েই নিত্যপণ্যের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখন সরাসরি ভোক্তার দৈনন্দিন বাজার খরচে প্রতিফলিত হচ্ছে।



