দেশের ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিল্প-সাহিত্যের চর্চাকে বাংলাদেশকেন্দ্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ের ধ্বংসপ্রাপ্ত দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে দেশের নিজস্ব মূল্যবোধ ও পরিচয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘শিশুবিচিত্রা’র সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। প্রধান আলোচক ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং ‘শিশুবিচিত্রা’র উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম।
বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিকতা ও সৃজনশীল চিন্তার প্রসারে মানসম্মত শিশুসাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের বই ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে ‘শিশুবিচিত্রা’ কার্যকর ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, শৈশবে কল্পনার জগত যত বেশি সমৃদ্ধ হবে, ভবিষ্যতে সৃষ্টিশীলতার পরিধিও তত বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে। তাই শিশুদের জন্য আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তোলা এখন সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজ।



