ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও ৬৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) হামলার শিকারদের মধ্যে ১৩ জন ছিলেন, যারা ত্রাণ সংগ্রহের সময় নিহত হন।
এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা গাজার কেন্দ্রস্থলে আরও গভীরে প্রবেশ করেছে। বিশেষ করে গাজা নগরীতে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে বাস্তুচ্যুতি।
গাজার পূর্বাঞ্চলের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন, যাদের মধ্যে দুইজন নারী। আল-আহলি আরব হাসপাতালের তথ্যে এসব নিশ্চিত করা হয়।
উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকা থেকে হাজারো মানুষ দক্ষিণে পালিয়ে যাচ্ছে। আল জাজিরার ভিডিওতে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুরা ধুলোমাখা রাস্তায় লাইন ধরে হেঁটে যাচ্ছে—হাতে সামান্য মালপত্র, কেউ ঠেলাগাড়িতে বোঝা নিয়ে যাচ্ছে, কেউবা ছোট বাচ্চাদের নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে দীর্ঘ পথ।
প্যালেস্টাইনি সিভিল ডিফেন্স জানায়, চলতি মাসের শুরু থেকে ইসরায়েলি অভিযানে গাজা নগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে।
স্থানীয় লেখক ও বাসিন্দা সারা আওয়াদ বলেন, “প্রতিদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয়—বাড়িতে থেকে মৃত্যু বরণ করব, না আবার শরণার্থী হব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কেন আমার নিজ ঘর ছেড়ে তাঁবুতে যাব?”
ইসরায়েলি অবরোধ ও সহিংসতায় গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ২,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক দপ্তর (OCHA) সতর্ক করেছে, গাজায় ক্ষুধা, মৃত্যু ও ধ্বংস অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এবং জরুরি সেবাগুলো প্রায় ভেঙে পড়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৩০৩ জনের, যাদের মধ্যে ১১৭ জন শিশু।



