রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও পৌঁছেছেন।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। এগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।



