ইয়াবাসহ গ্রেপ্তার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. রেজাউল করিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি রেজাউল করিমকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, রেজাউল করিম সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত একজন পুলিশ সদস্য। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
তদন্ত কর্মকর্তার দাবি, রেজাউল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তবে ইয়াবার মূল সরবরাহকারী, উৎস ও গন্তব্য সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। এসব তথ্য এবং এর সঙ্গে জড়িত চক্রের বিষয়ে জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর রাতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তার পরনের প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
মামলাটি তদন্ত করছে সূত্রাপুর থানা পুলিশ।



