বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার নিজ বাসভবন থেকে খালেদা জিয়াকে তাঁর দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং সেখানে তাঁকে বন্দি করে রাখা হয়।
সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকতউল্লাহ বুলু আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে শেখ হাসিনা সেনা পাহারায় হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার সুযোগ পান, অন্যদিকে পাকবাহিনীর হাতে খালেদা জিয়া বন্দি হন। এ থেকেই বোঝা যায়, কারা প্রকৃত অর্থে স্বাধীনতার পক্ষে ছিল।
তিনি বলেন, বিএনপিকে এখন সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। “বিএনপি একদিকে দাঁড়িয়েছে, আর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রকারী শক্তি এবং বিদেশি স্বার্থের প্রতিনিধিরা আরেকদিকে অবস্থান নিয়েছে,”—মন্তব্য করেন তিনি।
বক্তব্যে বরকতউল্লাহ বুলু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) বা অনুপাতে প্রতিনিধিত্ব পদ্ধতির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “পিআর মানেই জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। উপমহাদেশে কোথাও এই পদ্ধতি নেই। এমনকি গণতন্ত্রের সূতিকাগার ভারতেও এটি প্রচলিত নয়। সুতরাং যারা এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের পক্ষে উপস্থিত নেতাকর্মীদের কাছ থেকে ভোট প্রার্থনা করেন এবং জানান যে, যারা ভোটার হিসেবে পরিচিতজন আছেন, তারা যেন আবিদকে সমর্থন দেন।
দুপুর ১২টায় শুরু হওয়া এ সম্মেলন শেষ হয় বিকেল ৩টায়। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন-অর রশিদ ইয়াছিন। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
এছাড়া বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ইউসুফ মোল্লা টিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হন ওমর ফারুক।



