বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে। তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসায় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন।



