প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিন কারাগার থেকে আসামি কাশেমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।



