ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সম্প্রতি ভুয়া মামলা দায়েরের মাধ্যমে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।
আইন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ এবং পরবর্তী সময়ে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। বর্তমানে তিনি লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুসারে তাঁর বিরুদ্ধে যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এ অবস্থায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।



