tanaka
প্রচ্ছদরাজনীতিক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় এলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে তিনি এ অঙ্গীকার করেন।

তারেক রহমান বলেন, “আমরা যে পরিকল্পনাগুলোর কথা বলছি, সেগুলো বাস্তবায়নের জন্য দুটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিতে হবে। এই দুটি বিষয়ই বিগত দিনগুলোতে বাংলাদেশ ও দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন প্রমাণ করেছে—এই দুটি বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে একমাত্র বিএনপিই সক্ষম।”

তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে—এটি দেশবাসীর কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছিল। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতি দমন করে দেশকে এগিয়ে নেয়। দুর্নীতি যে-ই করুক না কেন, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের চোখে অপরাধীর কোনো পরিচয় নেই—বিএনপি অতীতেও তা প্রমাণ করেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “একটি সুস্পষ্ট লক্ষ্য সামনে রেখে আজ আমরা এখানে সমবেত হয়েছি—পরিবর্তনের লক্ষ্যে। এই সেই চট্টগ্রাম, এই পুণ্যভূমি থেকেই ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামেই তিনি শহীদ হয়েছেন। এই পুণ্যভূমি থেকেই দেশনেত্রী খালেদা জিয়া ‘দেশের নেত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। চট্টগ্রামের সঙ্গে আমার এবং আমার পরিবারের একটি গভীর আবেগের সম্পর্ক রয়েছে।”

তিনি বলেন, “১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন রক্ষা করেছে। বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার ফিরিয়ে আনতেই ছাত্র-জনতা আন্দোলনে নেমেছিল।”

তারেক রহমান বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই নির্বিঘ্নে ব্যবসা, চাকরি ও চলাফেরা করতে পারে। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে নিজ দলের কেউ অপরাধ করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। জনগণ যদি বিএনপির পাশে থাকে, তাহলে আগামী দিনেও কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, যেন সাধারণ মানুষ নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে।”

তিনি আরও বলেন, “দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতি দমন। বিএনপি অতীতেও প্রমাণ করেছে—দুর্নীতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে।”