ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার পৌরসভার লোকাল বাসস্ট্যান্ড ও কামারগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আলফাডাঙ্গা পৌরসভার কালীবাবু রোড এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৪৩), আরাজি রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল শেখ (৩৭) এবং কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫)।
ডিএনসি সূত্র জানায়, ইয়াবা বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল ক্রেতার পরিচয়ে মাহাবুল ইসলাম ও এনামুল শেখের সঙ্গে যোগাযোগ করে। পরে পৌরসভার শ্মশানঘাট এলাকায় ইয়াবার দরদাম চূড়ান্ত হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় টাকা লেনদেন ও ইয়াবা হস্তান্তরের সময় ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মাহাবুল ও এনামুলকে আটক করা হয়।
পরে আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কামারগ্রামে অভিযান চালানো হয়। সেখানে লিমন খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আরও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, পৃথক অভিযানে মোট ২ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাসেল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফরিদপুর



