ঢাকা থেকে চাঁদপুর, পথে পথে জনতার ঢল
জনগণের দাবি থাকলে কুমিল্লাকে বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। তিনি বলেন, কুমিল্লা নামে বিভাগ গঠনের বিষয়ে যদি এই অঞ্চলের মানুষের প্রত্যাশা থাকে, তবে তা ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। দাউদকান্দিসহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দুপুর সোয়া ১টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।
প্রায় ১৫ মিনিটের বক্তব্যে তারেক রহমান দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির অঙ্গীকার তুলে ধরেন। একই সফরে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং পরে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে চাঁদপুরের বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় ব্যক্তিদের সম্মানি ভাতা চালুর মতো কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
বরুড়া সফর প্রসঙ্গে তিনি ২০০১ সালের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেন, ওই সময় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছিল।
চান্দিনা ও মুরাদনগরসহ বিভিন্ন স্থানে যাত্রাপথে নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শাহরাস্তি ও চাঁদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় এ ধরনের প্রকল্প দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খাল খনন কার্যক্রমকে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
পথসভা ও বিভিন্ন কর্মসূচিতে দলীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



