কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় তাঁকে আটক করা হয়।
আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার মধ্যরাতে কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছে দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁদের ধাওয়া করেন।
দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।
বিজিবি জানিয়েছে, আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আইনগত প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক যুবককে ফেরত আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।



